বিলবোর্ড খোলা, ভোররাতে দুষ্কৃতী তাণ্ডবের পরে এবার ফায়ার সেফটি সার্টিফিকেটের (Fire Safety Certificate) মেয়াদ ফুরিয়ে যাওয়ার অভিযোগে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কার্যালয়ে খালি করার নির্দেশ দিল দমকল। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বহুতলের বেসমেন্ট, ষষ্ঠ ও সপ্তম তলা আপাতত ব্যবহার করা যাবে না বলেই নির্দেশিকা জারি করা হয়েছে। ৪৮ ঘণ্টা আগেইর তৃণমূলের শিবির বদল করা এক কুচো নেতা স্যোশাল মিডিয়ায় লেখেন, ক্যামাক স্ট্রিটের একটা অফিসে এবার তালা ঝুলবে! তার পরেই এই নোটিশ নিয়ে স্বভাবই রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উঠছে।
দমকলের তরফে জারি করা নোটিশে (Notice) অগ্নিসুরক্ষা ব্যবস্থায় একাধিক ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গেলেও তা পুনর্নবীকরণ করা হয়নি বলেই অভিযোগ দমকলের। অর্থাৎ, বৈধ ফায়ার সেফটি সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই তিনটি অংশই ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার।
দমকলের নোটিশের কপি কলকাতা পুরসভা (KMC) এবং শেক্সপিয়র সরণি থানাতেও পাঠানো হয়েছে। ফলে এখন প্রশ্ন উঠছে, প্রয়োজনীয় অগ্নিসুরক্ষা ব্যবস্থা ঠিক কবেই বা ঠিক হবে এবং কবেই বা অফিসের তিন অংশের ব্যবহারের অনুমতি মিলবে।
বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ ক্যামাক স্ট্রিট তৃণমূলের কার্যালয়ে ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা’ হামলা চালায় বলে অভিযোগ করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC)। সেই হামলার সিসি ক্যামেরা ফুটেজ নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তোলেন, “রাজ্যে আইনের শাসন রয়েছে কি?” তার আগে বেআইনি নোটিশ দিয়ে বিলবোর্ড খোলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। এবার দমকলের নির্দেশ নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, অনেক ভবনের ক্ষেত্রেই ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ ফুরিয়ে যায়। সেক্ষেত্রে সেটি পুনর্নবীকরণ করতে বলা হয়। কিন্তু এক্ষেত্রে একেবারে অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশ রাজনৈতি প্রতিহিংসা অভিযোগ তুলছে রাজনৈতিক মহল।
















