ফের খাস কলকাতার নামী সরকারি স্কুলে সাপের ছোবল! তবে এবার ঘটনাটি ঘটেছে ভবানীপুর মিত্র ইন্সস্টিটিউশনে। দৃপ্ত পাল নামের ওই খুদে পড়ুয়া প্রথম শ্রেণির ছাত্র। টলিগঞ্জের বাসিন্দা সে। নাবালক এখন এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত, স্থিতিশীল অবস্থায় আছে সে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ন’টা নাগাদ টিফিন বিরতি চলছিল। সে সময় ছাত্ররা স্কুলের মধ্যেই খেলা করছিল। তখনই কোনওভাবে একটি সাপ ছোবল মারে। ক্লাসরুমের ভিতরে সাপ ঢুকল কীভাবে সেই নিয়ে উঠছে প্রশ্ন।
এদিকে, ওই নাবালককে সাপে ছোবল মারার পরই সে স্কুলের শিক্ষকদের জানায়। সঙ্গে সঙ্গে তাঁরা তাকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে আসে। নাবালকের রক্তের রিপোর্টে সাপের বিষ মিলেছে বলে হাসপাতাল সূত্রে খবর। পড়ুয়ার মা অভিযোগ করেছেন, "স্কুল কিন্তু অপরিষ্কার নয়। গাছপালা তেমন নেই যে সাপ আসবে। ওইটাই তো আমি অবাক হয়েছি। আমি প্রথমে ভেবেছি আমার ছেলে তো ছোট ওকে হয়ত অন্য কিছু কামড়েছে বলতে পারছে না। পরে যখন রক্ত পরীক্ষার রিপোর্ট এল তখন দেখলাম সাপের বিষ পাওয়া গিয়েছে।"
















