রবিবার ছুটির দিনে একদিকে যেমন বন্ধ দ্বিতীয় হুগলি সেতু তেমনই অর্ধ দিবস চলবে না গ্রিন লাইনে মেট্রোও(Green Line Metro) (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)। রবিবার সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের মেট্রো পরিষেবা(Metro Service)। সকালের পরিবর্তে বিকেল থেকে এই লাইনে মেট্রো চলাচল শুরু করবে।
সাধারণত রবিবার গ্রিন লাইনের (সল্টলেক সেক্টর ফাইভ এবং হাওড়া ময়দান স্টেশনে) প্রথম মেট্রো ছাড়ে সকাল ৯টায়। কিন্তু আজ (১২ জুলাই) ওই লাইনে এটিও (অটোম্যাটিক ট্রেন অপারেশন) পরীক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করার কথা সেফটি কমিশনের কর্তাদের।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেল সাড়ে ৪টেয় গ্রিন লাইনে দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়বে। তবে শেষ মেট্রো ছাড়ার সময়ের কোনও পরিবর্তন হয়নি। হাওড়া ময়দান থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৫ মিনিটে। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শেষ পরিষেবা পাওয়া যাবে ওই একই সময়ে।
এদিকে, রবিবার সকাল থেকেই বন্ধ বিদ্যাসাগর সেতু। রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। দ্বিতীয় হুগলি সেতুর প্রধান বিকল্প রুট হিসেবে হাওড়া ব্রিজ এবং বালি সংলগ্ন নিবেদিতা সেতুকে ব্যবহার করা যাবে।















