ইউনেস্কোর (UNESCO) নামে দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড প্রি-পুজো এন্ট্রি’-র টিকিট বিক্রিকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাই কোর্টের। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Former Minister Indranil Sen) ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের (Madhuchhanda Sen) সংস্থা মাস আর্ট এর ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত তথ্য তলব করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে মামলাটির শুনানি হয়।
অভিযোগ, ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর বিশেষ অনুষ্ঠানের টিকিট বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছিল। এই অভিযোগকে কেন্দ্র করে বউবাজার থানায় (Bowbazar Police Station) এফআইআর (FIR) দায়ের হয়। সেই এফআইআর বাতিলের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন ইন্দ্রনীল সেন ও মধুছন্দা সেন।
এদিন শুনানিতে মামলার দু’পক্ষের বক্তব্য শোনার পর সংস্থাটির আর্থিক লেনদেনের তথ্য আদালতের সামনে পেশ করার নির্দেশ দেন বিচারপতি। ফলে মাস আর্ট এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই সময়ের লেনদেনের প্রকৃতি ও পরিমাণ নিয়ে আদালতে তথ্য পেশের সম্ভাবনা তৈরি হল।মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৭ অগস্ট। ওই দিন ব্যাঙ্ক লেনদেন সংক্রান্ত তথ্যের ভিত্তিতে মামলার পরবর্তী গতিপথ স্পষ্ট হতে পারে।















