কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) অন্তর্বর্তী স্থগিতাদেশ পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর বিরুদ্ধে সম্প্রতি রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া একাধিক মামলার প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন তিনি। বৃহস্পতিবার (Thursday) বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Saugata Bhattacharyya) বেঞ্চ জানিয়ে দেয়, ভবানীপুর, শিলিগুড়ি এবং বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলাগুলিতে আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।
মামলার শুনানিতে অভিষেকের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল (Lawyer Kapil Sibal)। তাঁর বক্তব্য ছিল, সাম্প্রতিক সময়ে রাজ্যের একাধিক থানায় যে ধারাবাহিক এফআইআর (FIR) দায়ের হয়েছে, তা রাজনৈতিক প্রতিহিংসার ফল। সেই কারণেই সব মামলার ক্ষেত্রে আদালতের সুরক্ষা চাওয়া হয়। একইসঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একটি মামলার প্রসঙ্গও তুলে ধরেন, যেখানে আদালতের অন্তর্বর্তী সুরক্ষার উল্লেখ করা হয়েছিল।
রাজ্যের আইনজীবী অবশ্য সেই দাবির বিরোধিতা করে জানান, শুভেন্দু অধিকারীর মামলায় দেওয়া নির্দেশ বিশেষ পরিস্থিতিতে দেওয়া হয়েছিল, সেটিকে নজির হিসেবে ধরা যায় না। বিচারপতি সৌগত ভট্টাচার্যও স্পষ্ট করে দেন, ‘‘শুভেন্দু অধিকারীর উদাহরণ দেবেন না। সব পক্ষের বক্তব্য না শুনে আদালত কোনও চূড়ান্ত নির্দেশ দেবে না।’’
যদিও সব এফআইআরে একসঙ্গে সুরক্ষাকবচ (Protective Shield) দেওয়ার আবেদন আদালত গ্রহণ করেনি, তবুও তিনটি নির্দিষ্ট মামলার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, ভবানীপুর (Bhawanipur), শিলিগুড়ি ও বিষ্ণুপুর থানার (Siliguri and Bishnupur Police Station) সংশ্লিষ্ট মামলাগুলিতে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না।















