যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মতো নামি প্রতিষ্ঠানে 'দেশবিরোধী' এবং 'আপত্তিকর' দেওয়াল লিখন রয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধানের হুঁশিয়ারি পর তড়িঘড়ি পদক্ষেপ করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর আগামী সপ্তাহ থেকেই সাফাই অভিযান শুরু হবে ক্যাম্পাসে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কিছু দেওয়াল লিখন নাকি এসএফআই নিজেই মুছে দিয়েছে বলে জানা গিয়েছে।

ক্যাম্পাসে দেওয়ালে কোথাও কিষেনজিকে সমর্থন করে বার্তা, আবার কোথাও ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ব্রেক ফ্যাসিস্ট উইথ রেড’- এর মতো বিতর্কিত গ্রাফিতি। এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বলেন, “বেশ কয়েকজন ছাত্র সিএমওতে আর্টস হস্টেলের বেশ কিছু ভিডিও পাঠিয়েছেন। তা ভিসিকে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। অপেক্ষা করুন, এই সব মেনে নেওয়া হবে না।” তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কিত দেওয়াল লিখন ঢেকে ফেলার কাজ শুরু হল। বেশ কিছু গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলার চেষ্টাও হয়েছে। এসএফআই-এবিভিপি সংঘর্ষের জেরে উত্তেজনার পরিস্থিতি ও রাজনৈতিক চাপানউতোরের মাঝে রাখীবন্ধন উৎসব উপলক্ষে যাদবপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, বিতর্ক এড়াতে তাই আগেভাগেই সাফাই অভিযান সেরে ফেলতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএফআইয়ের তরফ থেকে অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করা হয়নি।