জোর কদমে এগোচ্ছে কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ। দুর্গার পর এবার দিব্যা।  মঙ্গলবার দুপুরে কলকাতা মেট্রোর জোকা এসপ্যানেড বোরিং মেশিন দ্বিতীয় টানেলের কাজ শেষ করে মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে এই বোরিং মেশিন সফলভাবে মাটি ফুঁড়ে বাইরে এল। এই ঘটনার সাক্ষী থাকলেন মেট্রো রেলের আধিকারিকরা।  উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ পথে কাজের সঙ্গে জড়িত ইঞ্জিনিয়ার-কর্মীরা। 

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজ শেষ হল। ওই মুহূর্তের সাক্ষী ছিলেন মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। 

মেট্রোর তরফে জানানো হয়েছে, কলকাতা শহরের ভূগর্ভস্থ জলস্তর এবং নরম মাটির জন্য যাতে অসুবিধা না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।  ৯৫ মিটার দীর্ঘ এবং প্রায় ৬০০ টন ওজনের এই মেশিনগুলিতে কলকাতার মাটির অবস্থা অনুযায়ী ইনফ্ল্যাটেবল সিল, প্রেসার ট্রান্সডিউসার টিএসজি লাইন (TSG Lines) এবং ব্যাকআপ টিএসজি পাম্প (Backup TSG Pump) ব্যবহার করা হয়েছে।আর্থ প্রেসার ব্যালেন্সিং (EPB) বোরিং মেশিন ব্যবহার করা হয়েছে। 

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্ত বলেন, ‘‘সাফল্যের সঙ্গে টানেলিং করা প্রত্যেক সিভিল ইঞ্জিনিয়ারের একটি স্বপ্ন। আর আমরা সত্যিই এই ব্যাপারে খুশি কোনও ক্ষতি না হয়েই বিষয়টি হয়েছে।’’ 

প্রসঙ্গত, ২০২৫ সালের ১১ অক্টোবর থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনের কাজ শুরু হয়। সেই সময়ে টানেলের কাজের জন্য বোরিং মেশিন ‘দুর্গা’কে ব্যবহার করা হয়েছিল। চলতি বছরের ১০ জুলাই মাটি ফুঁড়ে বেরোয় ওই বোরিং মেশিনটি। এর পরে দ্বিতীয় বোরিং মেশিনটিও টানেলের মধ্যে থেকে বেরিয়ে এসেছে।

আগামী ২০২৯ সালে এই প্রকল্প সম্পূর্ণ শেষ হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্প শেষ হলে দক্ষিণ শহরতলি থেকে পশ্চিম কলকাতা হয়ে মধ্য কলকাতার সঙ্গে মেট্রোপথ জুড়ে যাবে।