গভীর নিম্নচাপে জেরে বৃষ্টি বিপর্যস্ত কলকাতা। জায়গায় জায়গায় জমা জলের আতঙ্কের মাঝেই এবার জোড়াবাগানে পুরনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি (Jorabagan Building Collapsed)! মঙ্গলবার ভোরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উর্মিলা সাহু (৫৫) নামে এক মহিলার।বাড়িতে বেশ কিছু কমার্শিয়াল জোন ছিল।স্থানীয়রা বলছেন, বাড়িটির বয়স প্রায় ২০০ বছরের কাছাকাছি। সোমবার টানা বৃষ্টির পর রাত থেকেই কিছু কিছু অংশ ভেঙে পড়ছিল। আচমকাই ভোরের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির পিছনে অংশ।
জোড়াবাগান থানার ব্রজদুলাল স্ট্রিট ও মালাপাড়া এলাকার এই দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, উর্মিলা এবং তাঁর ছোট ছেলে বাড়ি ভেঙে পড়ার সময় কোনরকম ভাবে ঘর থেকে বেরিয়ে এলেও, তার বড় ছেলেকে বাঁচাতে ফের ভিতরে যান ওই মহিলা। তখনই বাড়ির একটা অংশের চাঙর ফের ভেঙে পড়ায় সেখানেই চাপা পড়ে যান তিনি। পুলিশ ও বিপর্যয় মোকাবেলা বাহিনীর দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।















