বাইকে করে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় প্রাণ হারালেন ৬৫ বছরের বৃদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বাইক চালক। মঙ্গলবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা ভিআইপি রোডের কেষ্টপুর এলাকায় (Kestopur Area)। বাগুইআটি থানার পুলিশ জানিয়েছে মৃতের নাম রাজা রাঠি (Raja Rathi), বাড়ি নারায়ণতলা এলাকায়। দুর্ঘটনার পরই ক্ষুব্ধ স্থানীয়রা পথ অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
জানা গিয়েছে মঙ্গলবার রাত সাড়ে দশটা এগারোটা নাগাদ বড়বাজার থেকে এক বাইকে চড়ে ফিরছিলেন ঐ বৃদ্ধ। উল্টোডাঙ্গা থেকে বিমানবন্দরগামী রাস্তা ধরে ফেরার সময় কেষ্টপুরের কাছে একটি গার্ড রেল পাস কাটিয়ে এগোতে গেলে পিছন দিক থেকে আসা দ্রুতগতির লরির ধাক্কা দেয় বাইককে। দুচাকায় থাকা দুজনেই ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। অপরজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা। এরপরই কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। স্থানীয়রা বলছেন ভিআইপি রোডে (VIP Road) নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। অপরিকল্পিতভাবে রাস্তার উপরে ব্যারিকেড গার্ড রেল বসানো হয়েছে বলে দাবি করে পুলিশের বিরুদ্ধে সোচ্চার হন তাঁরা। উত্তেজিত জনতা কে সামাল দেওয়ার চেষ্টা করে বাগুইআটি থানার পুলিশ, শুরু হয় ইটবৃষ্টি। বেশ কিছুটা সময়ের জন্য যান চলাচল যথেষ্ট বিপর্যস্ত হয়ে পড়ে। বুধবার সকাল থেকে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
















