দিনের প্রথম মেট্রো হোক বা রাতের শেষ মেট্রো, মহানগরীর পরিষেবায় এবার বড় বদলের ঘোষণা কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এ বার থেকে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম স্টেশনে প্রথম মেট্রো ভোর ৬টায় পাওয়া যাবে। সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দানের লাইনেও প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টায়। সকালের পরিষেবা যেমন এগিয়ে আনা হয়েছে ঠিক তেমনই রাতের শেষ পরিষেবাকে একটু পিছিয়ে দেওয়া হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে। এতদিন পর্যন্ত ব্লু লাইনে (Blue Line Metro) দু’প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়ার সময় ছিল রাত ৯টা ৪৪ মিনিট। সেই সূচির পরিবর্তন করে রাত সাড়ে ১০টা করা হয়েছে।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষামূলকভাবে আগামী সোমবার অর্থাৎ ২৭ জুলাই থেকে নতুন সূচি অনুযায়ী মেট্রো চলবে। গ্রিন লাইনের (Green Line) ক্ষেত্রেও পরিষেবার টাইমিংয়ে বদল আনা হয়েছে। হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রতি দিন সকালের প্রথম মেট্রো ৬:৩৯ মিনিটের পরিবর্তে সকাল ছটায় ছাড়বে। শেষ মেট্রো রাত সাড়ে দশটায়। রবিবারের ক্ষেত্রে দুই লাইনেই প্রথম মেট্রো ছাড়বে সকাল ন'টায়। শুধু যে সময়ের পরিবর্তন করা হচ্ছে তাই নয় মেট্রোর সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।ব্লু লাইনে সোম থেকে শুক্রবার ২৬০টির জায়গায় এবার থেকে ২৭২টি মেট্রো চলবে। গ্রিন লাইনে ২২৮ থেকে পরিষেবা বেড়ে ২৩৬ করা হচ্ছে। শনিবার ব্লু লাইনে ২৪৬টির জায়গায় এবার ২৫৮ মেট্রো চলবে। হাওড়া ময়দান -সল্টলেক রুটে এই সংখ্যাটা লাইনে সংখ্যাটা ২০৪ থেকে বেড়ে ২১২। রবিবারেও মেট্রো সংখ্যা বাড়ানো হয়েছে। এবার থেকে দক্ষিণেশ্বর - কবি সুভাষ রুটে চলবে ১৫৮টি মেট্রো, সংশ্লিষ্ট দিনে গ্রিন লাইনে ১১১টি মেট্রো পরিষেবা মিলবে।