মহরমের পর এবার নির্বিঘ্নে রথযাত্রা (Rathayatra) সম্পন্ন করতে বদ্ধপরিকর পুলিশ - প্রশাসন। আগামী ১৬ জুলাই কলকাতার কোন কোন রুটে বড় বড় রথ যাবে তার জন্য ম্যাপিং করার নির্দেশ দিলেন পুলিশ কমিশনার অজয় নন্দা (CP Ajay Nanda) । পাশাপাশি সব থানার ওসিদের বলা হয়েছে রথযাত্রার উদ্যোক্তাদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও বৈঠক করার জন্য। হিন্দুধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসবে বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয়। সেখানেও যাতে কোনও রকমের অশান্তি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার দিকে সজাগ দৃষ্টি লালবাজারের (Lalbazar)।

রথ টানা মানেই বাঙালির মহোৎসবের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া। এই দিনটি শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ তাই নয়, রথযাত্রা (Rathayatra) মানেই উৎসবের আমেজ শুরু। এই আবহে এখন থেকেই পুজোর আইন ও শৃঙ্খলা রক্ষার ব‌্যাপারে থানাগুলিকে পরিকল্পনার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। মঙ্গলবার ভার্চুয়াল পদ্ধতিতে প্রত্যেক থানার ওসি ও পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। শহরের কোন কোন রাস্তা দিয়ে কোন কোন রথ যাবে, নতুন কোনও রথ বের করার পরিকল্পনা রয়েছে কিনা সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করতে হবে থানাকে।রথের মেলাগুলির তালিকা তৈরি করে সেখানে যাতে আইন ও শৃঙ্খলার কোনও সমস‌্যা না হয়, তার জন‌্য পর্যাপ্ত পুলিশি ব‌্যবস্থাও রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতার পুলিশ কমিশনার (CP, Kolkata) জানিয়েছেন, যেহেতু রথের পর আর মাত্র তিন মাস বাকি থাকবে দুর্গাপুজোর (Durga Puja) জন্য, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। বিভিন্ন পুজো কমিটিগুলি কোন ধরনের থিম করার পরিকল্পনা করছে বা কোথায় কতটা জমায়েত হতে পারে তা নিয়ে ম্যাপিং করার কাজ এগিয়ে রাখার কথা ভাবছে লালবাজার। যদি কোথাও গতবারের পুজোতে কোনও রকমের বিশৃঙ্খলা তৈরি হয়ে থাকে তাহলে সেখানে বিশেষ নজর দেওয়ার নির্দেশ কমিশনারের।