মহানগরীর ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার এক বিশেষ নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। লালবাজারের (Lalbazar) তরফে জানানো হয়েছে, এবার থেকে স্থানীয় থানাগুলি ব্যাঙ্কের বাইরে নিয়মিত টহল দেবে। নির্দিষ্ট সময় অন্তরই যাচাই করা হবে নিরাপত্তা ব্যবস্থা।

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বলা হয়েছে, এতদিন পর্যন্ত গোয়েন্দা বিভাগের ডাকাতদমন শাখার হাতে এই সংক্রান্ত দায়িত্ব থাকলেও এবার সেগুলি লোকাল থানার হাতে তুলে দেওয়া হল। এতে কাজ করতে আরও সুবিধা হবে। ব্যাঙ্কে নিরাপত্তা কর্মী, সিসিটিভি, অ্যালার্ম ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাও নিয়মিত যাচাই করবেন টহলের দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। শুধু তাই নয়, ব্যাঙ্কের আশপাশের অঞ্চলে কোনও সন্দেহভাজন ব্যক্তি বা গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলে তার উপর কড়া নজর রাখা হবে। ব্যাঙ্ক কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার পাশাপাশি ব্যাঙ্ক যখন সকালবেলা খুলবে এবং বিকেলে বন্ধ হবে সেই সময় বিশেষ টহলদারি চলবে। কোনও নির্দিষ্ট উৎসব, অনুষ্ঠান কিংবা ব্যাঙ্কে কোনও বড় অঙ্কের নগদের লেনদেনের সময় আগে থেকে অপরাধের চক্রান্তের হদিশ পেলে সংশ্লিষ্ট থানা সেখানে অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করবে। সন্দেহভাজন তথ্য মিলে অবিলম্বে ঊর্ধ্বতন কর্মকর্তা ও লালবাজারের গোয়েন্দা বিভাগের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক। অবিলম্বে এই ব্যবস্থা কার্যকর করার কথাও নির্দেশিকায় উল্লেখ রয়েছে।