সপ্তাহের শুরুতেই ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সোমবার প্রথমেই সল্টলেকে দলীয় কার্যালয়ে জনতার দরবার কর্মসূচিতে অংশ নেবেন। এরপর বেলা একটায় রাজ্য সরকার আয়োজিত তিরঙ্গা যাত্রা কর্মসূচি রয়েছে তাঁর। ধর্মতলায় নেতাজি মূর্তি থেকে এই যাত্রা শুরু হবে। প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে চলেছে এই মিছিলে। সপ্তাহের প্রথম কাজের দিনেই শহরের বুকে এত বড় সমাবেশ হওয়ার কারণে কলকাতা ট্রাফিক পুলিশ একাধিক রাস্তায় যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে।

শহরের প্রাণকেন্দ্রে বড় মিছিল ফলে যানজট এড়াতে বাড়তি সতর্ক কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের জারি করা লালবাজারের নির্দেশিকা অনুযায়ী, ময়দান ও তার আশেপাশের মূল রাস্তাগুলিতে সাধারণ যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রণ করা হচ্ছে। রেড রোড, কিংসওয়ে এবং কুইন্সওয়ে,আর আর অ্যাভিনিউ ও মেয়োরোড , খিদিরপুর রোড, প্লাসি গেট রোড ও ডাফরিন রোড, জওহরলাল নেহরু রোড এবং ক্যাথেড্রাল রোড, লাভার্স লেন ও ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এই রাস্তাগুলি বন্ধ থাকবে বা  আংশিক যান নিয়ন্ত্রণ করা হবে।

 

পাশাপাশি মিছিলের সময় যানজট এড়াতে মধ্য কলকাতা ও সংযোগকারী মূল সড়কগুলিতে ভারী ও পণ্যবাহী যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই তালিকায় আছে বিদ্যাসাগর সেতু , এজেসি বোস রোডের মৌলালি থেকে হেস্টিংস অংশ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড (রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত), সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোডের একাংশ এবং এসপি মুখার্জি রোডে (রাসবিহারী থেকে এক্সাইড ক্রসিং)। এই রাস্তা গুলিতে মিছিলের সময় পণ্যবাহী যান ঢুকতে দেওয়া হবে না।