খাস কলকাতায় ভুয়ো সংস্থা এবং নথি ব্যবহার করে বিদেশে অন্তত সাড়ে পাঁচশো কোটি টাকা পাচারের অভিযোগ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দুই ভাই-বোনের বিরুদ্ধে। ইতিমধ্যেই প্রতারণার অভিযোগ দায়ের করেছে আয়কর দফতর (Income tax department) । ফুলবাগান থানার পুলিশ জানিয়েছে, টাকা তছরূপের অভিযোগ পাওয়া মাত্রই গত সপ্তাহেই আয়কর দফতরের আধিকারিকরা ফুলবাগানের কাঁকুড়গাছিতে কাদাপাড়া অঞ্চলের একটি সিএ ফার্মে হানা দেন। সেখান থেকেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দুই ভাই-বোনের কীর্তি ফাঁস হয়। 

আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, সিএ ফার্মটিতে তল্লাশি চালিয়ে প্রচুর ভুয়ো নথি এবং শংসাপত্র উদ্ধার হয়েছে যেগুলো ব্যবহার করে বিদেশে টাকা পাঠানো হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। ওই ফার্মের কর্মকর্তা দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সম্পর্কে ভাই-বোন।বিদেশে টাকা পাঠানোর ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) স্পষ্ট গাইডলাইন রয়েছে। কিন্তু যে নথি ব্যবহার করা হয়েছে বা যেসব তথ্য দিয়ে বিদেশে টাকা পাঠানো হয়েছে সেগুলো সবই ভুয়ো। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, শেল সংস্থার লেনদেনের ভিত্তিতেই ওই ভুয়ো শংসাপত্রগুলি তৈরি করা হয়েছে। আয়কর দফতরের অভিযোগের ভিত্তিতে ফুলবাগান থানার পুলিশ ওই দুই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা স্বীকার করেন যে, প্রেরকের নথি পরীক্ষা না করেই তাঁরা ভুয়ো শংসাপত্র ইস্যু করেছেন। তারই ভিত্তিতে ২০২১ সাল থেকে ২০২৬ সালের মধ্যে ৫৫৫ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা বিদেশে পাচার করা হয়েছে।