স্ত্রী-পুত্রদের পর এবার কেন্দ্রীয় এজেন্সির তলবে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বুধবার বেলা বারোটা পনেরো মিনিট নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED ) দফতরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে যান তিনি। ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক বলেন, "ED কী প্রশ্ন করবে তা তো এখন বলতে পারব না, তবে তদন্তে সহযোগিতা করব।" 

টিটাগর ও কামারহাটি পুরসভায় টাকা দিয়ে চাকরি পাওয়ার ঘটনা সামনে আসতেই কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে পুরো মিত্র পরিবার। ইতিমধ্যেই মদনের একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। গত সপ্তাহে তার দুই ছেলে ও স্ত্রীকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। বুধবার নির্ধারিত সময়ের মধ্যেই হাজিরা দিলেন মদন। সূত্রের খবর নিয়োগের ক্ষেত্রে অবৈধ লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখার জন্য তৃণমূল নেতাকে বেশ কিছু নথি আনতে বলা হয়েছে। বিধায়ক জানিয়েছেন তিনি সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়েছেন। সাড়ে বারোটা থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে বলে খবর মিলেছে।