পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) তলবে হাজিরা দিলেন মদন মিত্রের (Madan Mitra) ছেলে শুভরূপ মিত্র (Subhorup Mitra) । বুধবার বেলা ১২টায় তাঁকে তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই নথি হাতে ইডি দফতরে ঢুকতে দেখা যায় তাঁকে। কামারহাটির বিধায়কের স্ত্রী ও আরেক ছেলেকে অবশ্য এদিন দেখা যায়নি। শুভরূপকে সাংবাদিকরা নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।
কামারহাটি ও টিটাগড় পুরসভা এলাকায় ১২৫ জনকে সুপারিশ এর মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তদন্তের নাম জড়িয়েছে মিত্র পরিবারের। কে এই সুপারিশ করেছিলেন? কীসের বিনিময়ে এই সুপারিশ করা হয়েছিল? টাকা নাকি অন্য কিছু? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে মদনের কামারহাটির বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। স্ত্রী ও দুই ছেলেকে তলব করেন ইডি আধিকারিকরা। গত একুশে জুলাই সমন পাঠানো হয়েছে তৃণমূল বিধায়ককেও। তিনি জানিয়েছেন তদন্তের সহযোগিতা করবেন। যদিও মদনের আরেক ছেলে কবে কখন সিজিও কমপ্লেক্সে আসবেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। সূত্রের খবর ইতিমধ্যেই শুভরূপকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। অর্চনা মিত্রকে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।















