পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ইডির মুখোমুখি মদন মিত্রের স্ত্রী ও বড় ছেলে (Madan Mitra's wife and eldest son)। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের স্ত্রী অর্চনা মিত্র (Archana Mitra) ও বড় ছেলে স্বরূপ মিত্র (Swarup Mitra)। তদন্তের স্বার্থে স্বরূপ মিত্রকে ব্যাঙ্ক সংক্রান্ত নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছিল। এর আগে একই মামলায় কাল প্রায় ন ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপ মিত্র (Shubharup Mitra)।
এই মামলায় ইতিমধ্যেই মদন মিত্রের পরিবারের তিন সদস্য স্ত্রী অর্চনা মিত্র এবং দুই ছেলে স্বরূপ ও শুভরূপ মিত্রকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি আগামী ২৯ জুলাই সকাল ১১টায় মদন মিত্রকেও সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে তদন্তে সহযোগিতা করার জন্য তাঁকে তলবপত্র পাঠানো হয়েছে।
পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত জুন মাসে মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় ইডি। ভবানীপুর (Bhawanipur) ও কালীঘাটের (Kalighat) বাসভবনসহ কলকাতা ও সংলগ্ন এলাকায় মোট সাতটি জায়গায় অভিযান চালানো হয়। এছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চলে। তদন্তকারীরা ওই অভিযানে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করেন। এই মামলায় এর আগে তৃণমূল নেতা সুজিত বসু (Sujit Basu) ও তাঁর ছেলে সমুদ্র বসুর (Samudra Basu) বিরুদ্ধে আদালতে জমা দেওয়া চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগে নাম সুপারিশের অভিযোগের উল্লেখ করা হয়েছিল।















