রাতের শহরে গণপরিবহণকে আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করে তুলতে সরকারি বাস পরিষেবা বাড়ানোর উদ্যোগ নিল পরিবহণ দফতর (Transport Department)। শনিবার, ১ অগাস্ট থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত নাইট বাস চালু করা হচ্ছে। রাতের শিফটে কর্মরত অফিসকর্মী, হাসপাতালের কর্মী, ছাত্র-ছাত্রী এবং গভীর রাতে ট্রেনে শহরে ফেরা যাত্রীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় রাত সাড়ে ১২টা পর্যন্ত সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে।

যাত্রীদের ট্যাক্সি (Taxi) বা অ্যাপ-ক্যাবের (App-based cab) উপর নির্ভরতা কমিয়ে নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহণের সুযোগ বাড়াতেই এই পদক্ষেপ। অতিরিক্ত বাস চলবে হাওড়া-গড়িয়া (Howrah-Garia), হাওড়া-পাটুলি (Howrah-Patuli), হাওড়া-নিউ টাউন (Howrah-New Town), হাওড়া-নীলগঞ্জ (ব্যারাকপুর), ডানলপ-বালিগঞ্জ (Dunlop-Ballygunge), শিয়ালদহ-ঠাকুরপুকুর এবং কাঁকুড়গাছি-বেহালা (Kankurgachi-Behala) রুটে।

নতুন এই রাত্রিকালীন পরিষেবা শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পাওয়া যাবে। উল্টোডাঙা, ডানলপ, শ্যামবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা, এক্সাইড, রুবি, বেলেঘাটা, রাসবিহারী, টালিগঞ্জ, সায়েন্স সিটি, খিদিরপুর, পার্ক সার্কাস, হাওড়া স্টেশন, গড়িয়া, রথতলা, যাদবপুর ৮বি এবং করুণাময়ী মোড়-সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় এই বাসগুলির যাতায়াত থাকবে।

এই উদ্যোগের ফলে রাতের যাত্রীদের জন্য সরকারি বাসের সংখ্যা বাড়বে, রাস্তায় অপেক্ষা বেশি অপেক্ষা করতে হবে না এবং কাজের জায়গা বা স্টেশন থেকে বাড়ি ফেরাও অনেক সহজ হবে। বিশেষ করে গভীর রাতে নিরাপদ, নির্ভরযোগ্য ও তুলনামূলক কম খরচে যাতায়াতের সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা করছে পরিবহণ দফতর।