২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই ‘শহিদ দিবস’ পালন করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেস(TMC)। পুলিশের সাড়া না পেয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তারা। দলের তরফে বর্ষীয়ান নেতা ডেরেক ও'ব্রায়েন বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে মামলা দায়ের করেছেন। আগামী ১৩ জুলাই, সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
তৃণমূলের কালীঘাট শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথা মেনে ধর্মতলায় সভার অনুমতি চেয়ে আগেই পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও লালবাজারের তরফ থেকে কোনও সবুজ সংকেত বা সদুত্তর মেলেনি। অগত্যা আইনি পথেই সভা নিশ্চিত করতে আদালতের দরজায় কড়া নাড়ল তারা।
ধর্মতলায় ২১ জুলাই পালন করা নিয়ে হাইকোর্টে আরও একটি সমান্তরাল মামলা চলছে। ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট স্পষ্ট রায় দিয়েছিল যে, শহরের কোনও প্রধান বা গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ বন্ধ করে রাজনৈতিক সভা-সমাবেশ করা যাবে না, যাতে সাধারণ মানুষ ও যান চলাচলে কোনও বিঘ্ন না ঘটে। অভিযোগ উঠেছে, ২০২৫ সালের ২১ জুলাইয়ের সমাবেশে সেই নির্দেশ অমান্য করা হয়েছিল। সেই কারণে তৎকালীন ক্ষমতাসীন তৃণমূল সরকারের প্রধানদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে।















