চিৎপুরের একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন। বন্ধ থাকা কারখানায় আচমকাই আগুন লাগে। কারখানার পাশেই জনবসতি থাকায় আগুন ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
ঘটনাটি ঘটেছে বেলা সাড়ে ১১ টা নাগাদ। কারখানায় বিপুল পরিমানে রাসায়নিক পদার্থ মজুত করে রাখা ছিল ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ওই এলাকায় জনবসতি এবং আরও অনেক কারখানা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। ফলে যত তাড়াতড়ি সম্ভব আগিন নেভানো যায় তারই চেষ্টা করছে দমকলকর্মীরা। হোসপাইপের মাধ্যমে বাইরে থকেই জল দেওয়া হয় তাতে ধোঁয়া আরও বেশি করে বেরোতে থাকে এবং গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তাই শেষপর্যন্ত বন্ধ কারখানার লোহার গেট গ্যাসকাটার দিয়ে কাটেন দমকলকর্মীরা।
কারখানার ভিতরে যত রাসায়নিক পদার্থ মজুত রাখা ছিল তা সরানোর পর অবশেষে আগুন লাগার উৎস পর্যন্ত পোঁছাতে পারে দমকলকর্মীরা।
খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। আগুন দ্রুত একের পর এক অংশে ছড়িয়ে পড়ে। দমকলের আধিকারিক ও কর্মীদের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়কও। বন্ধ কেমিক্যাল কারখানায় কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।















