দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের অবস্থান আরও স্পষ্ট করল রাজ্য সরকার। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই অপরাধ ও দুর্নীতি ‘জিরো টলারেন্স’ নীতির কথা বারবার তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। সেই অবস্থানকে কার্যকর করতে এবার দুর্নীতি দমন শাখাকে (Anti-Corruption Branch) ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নির্দেশে গোয়েন্দা শাখার (আইবি) তিনজন শীর্ষ আইপিএস অফিসারকে (IPS Officer) এসিবি-তে ডেপুটেশনে পাঠানোর পাশাপাশি বিভিন্ন ইউনিট থেকে আরও ১৬ জন পুলিশ আধিকারিক ও কর্মীকেও এই শাখায় আনা হয়েছে। প্রশাসনের অন্দরে এই পদক্ষেপকে দুর্নীতিবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
জিরো টলারেন্সের বার্তা, দুর্নীতি দমন শাখায় বড় রদবদল রাজ্যের
Sponsored

সরকারি নির্দেশিকা অনুযায়ী, আইবি-র আইজিপি মুরলীধর শর্মা (IB IGP Muralidhar Sharma), ডিআইজি আকাশ মাঘারিয়া (DIG Akash Magharia) এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট কামনাশিস সেনকে (Senior Superintendent Kamnashis Sen) এসিবি-র দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের আগে ও পরে তিনজনই গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। একই সঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিএসপি পদমর্যাদার বিশ্বজিৎ পাত্র-সহ মোট ১৬ জনকে বিভিন্ন জেলা ও বিশেষ শাখা থেকে দুর্নীতি দমন শাখায় ডেপুটেশনে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন একজন ডিএসপি, আটজন ইন্সপেক্টর, তিনজন সাব-ইন্সপেক্টর এবং চারজন কনস্টেবল। এসটিএফ, সিআইডি, আইবি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ, কৃষ্ণনগর পুলিশ জেলা, সুন্দরবন পুলিশ জেলা ও হাওড়া জিআরপি-সহ একাধিক ইউনিট থেকে এই আধিকারিকদের বেছে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওঠা দুর্নীতির অভিযোগের দ্রুত ও কার্যকর তদন্ত নিশ্চিত করতেই এসিবি-র জনবল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দুই মাসের জন্য এই ডেপুটেশন কার্যকর থাকবে। তদন্তের গতি বাড়ানো, বিশেষ অভিযানে অভিজ্ঞ অফিসারদের কাজে লাগানো এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়াই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
ডেপুটেশনে যাওয়া তিন আইপিএস অফিসারের প্রত্যেকেরই দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে। মুরলীধর শর্মা অতীতে বিধাননগর পুলিশ কমিশনার (Bidhannagar Police Commissioner) এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের (Detective Department of the Kolkata Police) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ ব্যাচের আইপিএস আকাশ মাঘারিয়া হাওড়া পুলিশ কমিশনার, কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের ডিসিপি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে কাজ করেছেন। এবার এই তিন অভিজ্ঞ আধিকারিককে সামনে রেখেই দুর্নীতি দমন শাখাকে আরও সক্রিয় করার পথে এগোল রাজ্য সরকার।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













