পশ্চিমবঙ্গ সরকারের তরফে আয়োজিত অরণ্য সপ্তাহ উদযাপনের প্রথম দিনেই সুভাষ সরোবর পরিদর্শনে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। মঙ্গলবার সকাল সকাল সুভাষ সরোবরের চারপাশের পরিবেশ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। অব্যবস্থা দেখে রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী বলেন, এজেন্সি লক্ষ লক্ষ টাকা নিচ্ছে কিন্তু কাজের কাজ হচ্ছে না। হয় কাজ করুন, না হলে আগে টেন্ডার বাতিল করে নতুন টেন্ডার ডাকব।
সুভাষ সরোবর সংলগ্ন এলাকার পরিছন্নতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ নতুন নয়। অগ্নিমিত্রা বলেন, শৌচালয়ে জল নেই, বিদ্যুৎ নেই। রীতিমতো নেশার আসর বসছে। কোনভাবেই এগুলো বরদাস্ত করা হবে না। এর আগে লেক পরিদর্শনে গিয়ে কথার কথা তুলে ধরেন পুরমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বছরের পর বছর এই জিনিস চলতে পারেনা। সরকার এবং পুরসভা নজর রাখছে। স্বচ্ছতা অভিযানের কর্মসূচি হিসেবে শহরের বিভিন্ন প্রান্তে পুরমন্ত্রীর আকস্মিক পরিদর্শন করছেন। তারই অঙ্গ হিসেবে এদিন সুভাষ সরোবর যান অগ্নিমিত্রা।















