ফুসফুসে সংক্রমণ, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya)। শনিবার সকালে পাওয়া খবর অনুযায়ী, চিকিৎসকরা জানিয়েছেন বুদ্ধদেব-জায়া আপাতত খানিকটা স্থিতিশীল রয়েছেন। আজ তাঁর কোলোনোস্কপি হবে। সূত্রের খবর, শুক্রবার দুপুর ১২টা নাগাদ পেটে অসহ্য ব্যথা নিয়ে আলিপুরের নামী হাসপাতালে চিকিৎসার জন্য যান। আচমকা শ্বাসকষ্টের সমস্যায় বেড়ে যাওয়ায় দ্রুত ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেন ডাক্তাররা। সত্তরোর্ধ্ব মীরা বিশিষ্ট চিকিৎসক সৌপ্তিক পান্ডার আন্ডারে রয়েছেন বলে জানা গিয়েছে।
পারিবারিক সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর খুব কাশি হচ্ছিল। শ্বাসকষ্ট- সামান্য পেটব্যথাতেও কাতর ছিলেন তিনি। স্বামী মৃত্যুর পর থেকে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে একাই থাকেন মীরা।বৃহস্পতিবার বেশ অসুস্থ বোধ করেন। শুক্রবারও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। হাসপাতালে মায়ের খোঁজ নিয়েছেন সুচেতন ভট্টাচার্য। চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে সামান্য সংক্রমণ রয়েছে মীরা ভট্টাচার্যের। তবে আপাতত উদ্বেগের কিছু নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর শারীরিক অবস্থা মূল্যায়ন এবং চিকিৎসার পরবর্তী পদক্ষেপ স্থির করতে একটি বহুবিভাগীয় মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল। সেই বোর্ডে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক চিকিৎসক সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট শাশ্বত চট্টোপাধ্যায়, এন্ডোক্রিনোলজিস্ট সেমন্তী চক্রবর্তী।
















