ভয়াবহ হড়পা বানে বিধ্বস্ত নেপাল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৭। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই বিপর্যয়ের জেরে নেপালে আটকে পড়েছেন কলকাতার ৩২ জন পর্যটক। সেই তালিকায় রয়েছেন প্রয়াত রাজনীতিবিদ মুকুল রায়ের একমাত্র পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ও। স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে মুকুলপুত্র শুভ্রাংশু রায়ের।
আরও পড়ুন: ভারত কি চিরকাল অনুন্নত দেশ হয়ে থাকবে! প্যাকেটজাত খাবার নিয়ে কেন্দ্রকে সুপ্রিম বার্তা
পরিবার সূত্রে খবর, গত ২১ অগাস্ট হাওড়া থেকে একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে বেড়াতে গিয়েছিলেন শুভ্রাংশুর স্ত্রী শর্মিষ্ঠা। নেপালে পৌঁছে তিনি নিয়মিত স্বামীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। কিন্তু গত মঙ্গলবার রাতে শেষবার কথা হয়। তারপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বুধবার সকাল থেকেই নেপালের আবহাওয়া ও পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। খবর পাওয়ার পরই স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন শুভ্রাংশু। তবে এখনও পর্যন্ত শর্মিষ্ঠার কোনও খোঁজ না মেলায় আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছে পুরো পরিবার।
















