রাজ্যে এবার নিজস্ব থানা পেল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এতদিন রাজ্যে এনআইএ-র নিজস্ব কোনও থানা না থাকায় তদন্ত সংক্রান্ত একাধিক প্রশাসনিক কাজে স্থানীয় থানার উপর নির্ভর করতে হত। সেই পরিস্থিতির অবসান ঘটিয়ে শুক্রবার রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিউটাউনের (Newtown) এনবিসিসি স্কোয়ারে (NBCC Square) এনআইএ-র নিজস্ব থানার কার্যক্রম শুরু হবে। এই একটিমাত্র থানার এক্তিয়ার থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে। রাজ্যের যে কোনও প্রান্তে এনআইএ-র তদন্তাধীন অপরাধের ক্ষেত্রে এই থানাতেই এফআইআর দায়ের বা মামলা রুজু করা হবে।

এতদিন রাজ্যে কোনও অভিযানে তল্লাশি চালানো, গ্রেফতারি, ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়া কিংবা তদন্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে স্থানীয় থানার সহযোগিতা নিতে হত এনআইএ-কে। তদন্ত শুরুর ক্ষেত্রে এফআইআর দায়েরের প্রক্রিয়াতেও অনেক সময় বিলম্বের অভিযোগ উঠত।

নতুন থানা চালু হওয়ার ফলে সেই কাঠামোগত জটিলতা অনেকটাই দূর হবে বলে মনে করা হচ্ছে। এখন থেকে এনআইএ আধিকারিকরা সরাসরি নিজেদের থানাতেই এফআইআর নথিভুক্ত করতে পারবেন। এর ফলে তদন্তের প্রশাসনিক প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।