পার্ক স্ট্রিটের ফুটপাতের উপরে দুধ গরম করার সময় রাজ্যের পুর ও নগরন্নোয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের রোসের মুখে পড়েছিলেন সীতা। এরপর রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তি হয়ে ওঠেন ফুটপাত নিবাসী এই মহিলা। বিরোধীদের সমালোচনার মুখে পড়ে সীতার থাকার ব্যবস্থা করে রাজ্য সরকার। কিন্তু বাস্তব হল ফুটপাত নিবাসী মহিলা স্থায়ী আবাসন বা সরকারি সাহায্য কিছুই পাননি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সীতা।
সরকারি উদ্যোগে যে থাকার জায়গা তাঁকে দেওয়া হয়েছে সেই ঘরের ভাড়া তাঁকেই মেটানোর কথা বলা হয়েছে বলে দাবি করেছেন সীতা। হতাশার সুরে সীতা বলেন, সরকারের তরফে আমাদের ঘর দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। একটি ভাড়া বাড়ি দেখানো হয়েছিল কিন্তু এখন বলছে সেই ঘরের টাকা আমাদের দিতে হবে। আমাদের কাছে এত টাকা কোথায়, পুরানো জায়গায় আগের মত থাকতে পারছি না। কোন কাজের ব্যবস্থা করে দেওয়া হয়নি। এখন বাধ্য হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখন আমাদের বলা হয়েছে নিজেদেরই ভাড়া বাড়ি খুঁজে নিতে।
কয়েক সপ্তাহ আগে কলকাতায় পার্ক স্ট্রিটে ফুটপাতের উপরে দুধ গরম করার সময় অগ্নিমিত্রা পালের চোখে পড়েন সীতা। মন্ত্রী কড়া ধমক শুনতে হয় তাঁকে। এরপর মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট পরিবারের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই। সরকারই সীতাকে থাকা স্থায়ী ব্যবস্থা করে দেবে। নিরাপত্তার স্বার্থে কয়েকদিন একটি হোটেলে রাখার পর এবার তাঁকে নিজের পথ দেখে নেওয়ার বার্তা দেওয়া হল।
এই ইস্যুতে আগেই বিজেপি সরকারকে নিশানা করেছেন তৃণমূল। এমনকি সীতার পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। ঘটনার পরই তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এমনকি তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার কথা বলেন। রাস্তা থেকে উচ্ছেদের পর, মাথা গোজোর নতুন পথ খুঁজছেন সীতা।
















