কলকাতা ইসকনের (ISCON Kolkata)সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল রাধারমণ দাসকে (Radharaman Das)। শনিবার রাতে কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? ইসকনের বিরুদ্ধে গোরক্ষা সংক্রান্ত গুরুতর অভিযোগ তোলায় বিজেপি সাংসদ মানেকা গান্ধীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির নোটিশ দিয়েছিলেন রাধারমণ, পাশাপাশি সম্প্রতি বাংলাদেশে নির্বিচারে হিন্দু হত্যা নিয়েও সুর চড়িয়ে ছিলেন তিনি। সম্ভবত এই দুই কারণেই তাঁকে কলকাতা ইসকনের সহ সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রাধারমণ এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে বেশ কয়েকটি কারণের কথা উল্লেখ করেছেন।
কেন পদচ্যুত হতে হল এই নিয়ে রাধারমণ যে যে সম্ভাবনার কথা উল্লেখ করেছেন তারমধ্যে সুরলিন কৌরের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা তাঁর মন্তব্যের কথাও উল্লেখ করেছেন তিনি। রাধারমণ দাবি করেছিলেন, ২০২৪ সালে ট্রাম্পের প্রাণরক্ষা হয় কারণ ১৯৭৬ সালে নিউ ইয়র্কে প্রথম জগন্নাথের রথযাত্রার আয়োজনে বিশেষ উদ্যোক্তা ছিলেন তিনি। এই মন্তব্যও পদচ্যুত হওয়ার সম্ভাব্য় কারণ বলে মনে করছেন ইসকনের প্রাক্তন সহ সভাপতি। পদ হারালেও ইসকনের উন্নতি এবং সাফল্য কামনা করেন রাধারমণ জানিয়েছেন আপাতত ISCON সংক্রান্ত বিষয়ে তিনি কোনও প্রতিক্রিয়া দেবেন না।
















