খাস কলকাতায় কালীঘাট (Kalighat) ট্রামডিপোর মধ্যে কর্মী আবাসনে বিজেপির সাধারণ সম্পাদকের বাড়িতে বিজেপি (BJP) কর্মীদেরই হামলার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করলেও এখনও পুলিশ (Police) কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদক কে কে সিংয়ের (K K Shing) স্ত্রী তারাদেবীর। এমনকী স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করলেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি। এমনকী পরিবারের পাশে দাঁড়িয়ে কোনও আশ্বাসও দেননি বলে ক্ষোভ উগরে দেন তারাদেবী (Tara Devi) ও তাঁর স্বামী।

কে কে সিং ট্রাম কোম্পানিতে কাজ করেন। তাঁর পোস্টিং রাজাবাজার ট্রাম ডিপোতে। কর্মসূত্রেই কালীঘাট ট্রাম ডিপোর কর্মী আবাসনে পরিবার নিয়ে থাকেন তিনি। দীর্ঘদিন ধরেই এই পরিবারটি বিজেপি সঙ্গে যুক্ত। কে কে সিং বিজেপির সাধারণ সম্পাদক বলেও জানিয়েছেন তাঁর স্ত্রী তারাদেবী। রবিবার, সকালে কে কে সিং যখন ডিউটিতে ছিলেন, সেই সময় তাঁর বাড়িতে লাঠি, রিভলবার নিয়ে চড়াও হন স্থানীয় বিজেপি কর্মী বীরেন্দ্র যাদব, মুকেশ সিং-সহ জনা দশেক লোক। তারা বাড়িতে ঢুকে লুটপাঠ শুরু করে বলে অভিযোগ। তারাদেবী বাধা দিতে গেলে তাঁর উপর চড়াও হয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তারাদেবীর বয়স্ক বাবা বাঁচাতে এলে তাঁকেও ধাক্কা দেওয়া হয়। আবাসন থেকে তারাদেবীর মোবাইল এবং নগদ ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা করেন বিজেপি নেতা। মেডিক্যাল পরীক্ষাও করান তারাদেবী। কিন্তু পুলিশ (Police) কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ কে কে সিংয়ের। স্থানীয় বিজেপি নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানিয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ করেছেন আক্রান্ত দম্পতি। রাকেশ সিংকেও তারা বিষয়টা জানিয়েছেন কিন্তু কোনও ইতিবাচক পদক্ষেপ করেননি বিজেপি নেতারা।

তারাদেবী সাফ জানিয়েছেন, তৃণমূল (TMC) আমলে তাঁদের উপর এ ধরনের কোনও হামলা হয়নি। বিজেপি ক্ষমতায় আসায় তাঁরা খুশি হয়েছিলেন। কিন্তু এই জমানাতেই তাঁদের উপর হামলা শুধু নয়, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় বলেও অভিযোগ বিজেপির সাধারণ সম্পাদকের। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধেও পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে উষ্মা প্রকাশ করেন তারাদেবী। দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।