এসএসকেএম (পিজি) হাসপাতালে আপাতত বন্ধ হয়ে গেল অত্যাধুনিক রোবোটিক জেনারেল সার্জারি পরিষেবা। সংশ্লিষ্ট বিভাগে অস্ত্রোপচারে দক্ষ চিকিৎসকদের বদলির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এর ফলে সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

পূর্বতন রাজ্য সরকারের আমলে সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিকীকরণের অঙ্গ হিসেবে এসএসকেএমে রোবটের সাহায্যে জেনারেল সার্জারির এই ব্যবস্থা চালু করা হয়েছিল। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আনা এই আধুনিক যন্ত্রের মাধ্যমে নিখরচায় জটিল অস্ত্রোপচার করানো সম্ভব হচ্ছিল, যা বেসরকারি হাসপাতালে করতে গেলে রোগীর পরিবারের কয়েক লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। বিগত প্রায় তিন সপ্তাহ ধরে এই অস্ত্রোপচার কার্যত অনিয়মিত ছিল, তবে সাম্প্রতিক চিকিৎসক বদলির পর পরিষেবাটি পুরোপুরি স্থগিত হয়ে পড়ল। 

সম্প্রতি স্বাস্থ্য দফতর থেকে প্রায় ১০০ জন শিক্ষক-চিকিৎসককে রাজ্যের বিভিন্ন প্রান্তে বদলি করা হয়। সেই তালিকাতেই ছিলেন পিজি হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডাঃ দীপ্তেন্দ্র সরকার এবং অপর দক্ষ সার্জন ডাঃ সিরাজ আহমেদ। তাঁদের যথাক্রমে বাঁকুড়া ও কোচবিহারে বদলি করা হয়েছে। এই অস্ত্রোপচারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের অনুপস্থিতির কারণেই আধুনিক ইউনিটটির কাজ চালানো সম্ভব হচ্ছে না বলে জানা যাচ্ছে। 

রাজ্যের অন্যতম শীর্ষ রেফারেল হাসপাতালে এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা মহলের একাংশে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত বিকল্প দক্ষ চিকিৎসক নিয়োগ করে এই আধুনিক পরিষেবা পুনরায় চালু করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।