বৃহস্পতিবার সকালে সল্টলেকের (Saltlake) এই ব্লকের (AE Block) এক বাড়ি থেকে দম্পতির নিথর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা না খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মৃতদের নাম সজল কুণ্ডু (৬৪) ও রঞ্জনা কুণ্ডু (৬১)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্বামী স্ত্রী দুজনেই শারীরিক অসুস্থতা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই চরম সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ (Bidhannagar North Police Station)।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, একই বাড়িতে সজলের (Sajal Kundu) ছেলে ও বউমা থাকেন। বুধবার তাঁরা এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। রাতে ফিরতে পারেননি। আজ সকালে ছেলে বাবাকে বারবার ফোন করলেও কেউ তা রিসিভ করেননি। এতেই সন্দেহ বাড়ে। এরপর প্রতিবেশীদের ও বিধাননগর উত্তর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে বিছানা থেকে নিথর দুই দেহ উদ্ধার করে। দম্পতি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান, যদিও ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।















