কলকাতায় কার্যক্রম আরও সঙ্কুচিত করছে এসবিআই! এই প্রথম নয়, আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের প্রধান প্রশাসনিক এবং ব্যাক-অফিস কার্যক্রম কলকাতা থেকে মুম্বাইয়ে স্থানান্তর করেছে ।
এছাড়াও কলকাতা থেকে বেশ কয়েকটি দফতর সরিয়ে নিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সূত্রের খবর, আগামী দিনে আরও কিছু দফতর সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে।
স্বাভাবিকভাবেই কলকাতা থেকে দফতর সরলে কর্মক্ষেত্র সঙ্কুচিত হবে, রাজ্যের রাজস্ব আদায়ও হবেনা সেভাবে। ১৮০৬ সালে ব্যাঙ্ক অব ক্যালকাটা এবং ১৮০৯ সালে ব্যাঙ্ক অব বেঙ্গল নামে যে ব্যাঙ্কিং ব্যবস্থা চালু হয়েছিল, সেটাই পরবর্তীকালে এসবিআই হয়েছে। এটি দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাঙ্ক হিসেবে স্বীকৃতি পেয়েছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এসবিআইয়ের অফিসাররা জানালেন সেন্ট্রাল অ্যাকাউন্টস অফিস কলকাতায় থাকাকালীন ব্যালান্স শিট চূড়ান্ত হত কলকাতা থেকেই। ২০১৮ সালে সেই অফিস মুম্বইতে সরে গিয়ে কলকাতার ঐতিহ্যের উপর আঘাত করেছে। এখানেই শেষ নয়, এসবিআইয়ের গ্লোবাল মার্কেট ইউনিট এবং সেন্ট্রালাইজড গ্লোবাল ব্যাক অফিসও কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফরেন এক্সচেঞ্জ ট্রেজারি ম্যানেজমেন্ট এবং বিদেশের কর্পোরেট গ্রাহকদের পরিষেবাও তাই এখানে বন্ধ হয়েছে।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় এই বিষয় নিয়ে জানিয়েছেন কর্পোরেট লেনদেন খাতে রাজ্যের যে রাজস্ব আদায় হত, এই অফিস সরে যাওয়ার ফলে সেটা এখন বন্ধ। এবার ব্যাঙ্কের লায়াবিলিটি সেন্ট্রাল প্রসেসিং সেন্টার, সেন্ট্রালাইজড চেক প্রসেসিং সেন্টার, এবং সেন্ট্রালাইজ পেনশন প্রসেসিং সেন্টার সরানোর উদ্যোগ শুরু হয়েছে। প্রতিটি ব্যাঙ্ক নতুন কর্মী নিয়োগ করে তাই এখান থেকে অফিসগুলি সরে গেলে কর্মী নিয়োগ কমবে। শুধু তাই নয়, এই অফিসগুলির উপর যে সকল চুক্তিভিত্তিক বা ঠিকাকর্মীরা নির্ভরশীল তারাও কাজ হারাবেন যা একেবারেই কাম্য নয়।















