তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar) সঙ্গে দেখা করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেত্রী ডাঃ শশী পাঁজা (Trinamool leader Dr. Shashi Panja)। তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। কারণ ৪ মে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে একদিনের জন্য তৃণমূলের কোনও বৈঠকে কিংবা ২১ জুলাইয়ের মঞ্চে পর্যন্ত দেখা যায়নি। সেই নেত্রীই শনিবার কালীঘাটে কাকলির চেম্বারে গিয়ে দেখা করেছেন। কেন? তবে শশীও কি বিজেপির বি টিমে যোগদান করবে? এর প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Trinamool MLA and State General Secretary Kunal Ghosh)।
কুণাল রবিবার বলেন, "বিধানসভা নির্বাচনের পর থেকে প্রাক্তন দলীয় নেত্রী (শশী পাঁজা) আমার সাংবাদিক বৈঠকের সঙ্গী ছিলেন। বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে কর্মীরা তাঁকে দেখতে পাননি। শশী পাঁজার বাড়ি ভোটের আগে যখন হামলা হয়েছিল, তারপরে যখন দলের একের পর এক কর্মীদের গ্রেফতার করা হয়েছিল তখন থানায় বা কোর্টে কোনও কর্মীকে সাহায্য করতে দেখা যায়নি। আমি নিজে ফোন করেছি, যোগাযোগ করেছি, তিনি বাইরে ছিলেন কলকাতার, বলেছিলেন ফিরে যোগাযোগ করবেন। যাইহোক আর পরে সেই যোগাযোগ হয়নি। এবার তিনি যাবেন, কার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল, কার সঙ্গে ছিল না, কোনটা ভালো তৃণমূল হিসেবে কোনটা খারাপ তৃণমূল হিসেবে বুঝবো কী করে।"
বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে তৈরি তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এরপরে শনিবার কালীঘাটে কাকলির ক্লিনিকে গিয়েছিলেন শশী। সাংসদের সঙ্গে দেখা করে কথাও বলেছেন। এ বিষয়ে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে সেখানে যাওয়া। কিন্তু রাজনৈতিক মহলে চর্চা, দলবদলের রাস্তা পরিষ্কার করা উদ্দেশে কাকলির সঙ্গে সাক্ষাৎ।















