গ্রিন লাইনের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সাপ (Snake in Metro Station)! আত্মারাম খাঁচাছাড়া অবস্থা যাত্রীদের। ঘটনাকে ঘিরে স্বাধীনতা দিবসের দিন তুমুল শোরগোল ধর্মতলা চত্বরে। 

জানা গিয়েছে, শনিবার সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ঢুকে পড়ে আস্ত একটি সাপ। লম্বায় বেশ দীর্ঘ ও সরু। সরীসৃপের আকার দেখে তাকে বাচ্চা সাপ বলেই মনে করা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন সাপটি বিষধর ছিল। চার নম্বর প্ল্যাটফর্মের মধ্যে সে ঘুরে বেড়াচ্ছিল। আচমকা এক যাত্রী তাঁর পায়ের কাছে সাপটিকে দেখতে পান। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেশন মাস্টার অত্যন্ত তৎপরতার সঙ্গে সাপটিকে বোতলবন্দি করেন। এরপরে এসপ্ল্যানেড ট্রাম ডিপোর পিছনের দিকে জঙ্গলে প্রাণীটিকে ছেড়ে দেওয়া হয়। কীভাবে মেট্রো স্টেশনে মধ্যে সাপ ঢুকলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।