অভিনেতা সোহম চক্রবর্তীকে (Actor Soham Chakraborty) ঘিরে ফের থানায় অভিযোগ। এ বার তাঁর বিরুদ্ধে অভিযোগকারী এক কাঠমিস্ত্রি (Carpenter)। কাজ করেও পারিশ্রমিকের পুরো টাকা না পাওয়ার দাবি তুলে সোহমের বাড়িতে গিয়েছিলেন রাজকাপুর শর্মা (Raj Kapoor Sharma)। সেখানেই তাঁর সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। বেহালা থানায় (Behala Police Station) দায়ের হওয়া সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর করেছে পুলিশ।
অভিযোগের সূত্রপাত আলমারি তৈরির কাজকে ঘিরে। রাজকাপুরের দাবি, মে মাসে সোহমের বাড়িতে কাজ শুরু করেন তিনি। একটি আলমারি তৈরির জন্য ৫৫ হাজার টাকা ঠিক হয়েছিল এবং শুরুতে ৩০ হাজার টাকা দেওয়া হয়। কাজ বেশ কিছুটা এগোনোর পর আরও দুটি আলমারি তৈরির দায়িত্ব পান তিনি। সেগুলিরও একাংশ শেষ করার পর টাকা নিয়ে সমস্যা তৈরি হয় বলে অভিযোগ। পাওনা মেটানোর অনুরোধ জানাতে গিয়েই পরিস্থিতি খারাপ হয় বলে থানায় জানিয়েছেন তিনি।
ঘটনার বিবরণ দিতে গিয়ে রাজকাপুরের অভিযোগ, সোহম তাঁর সঙ্গে গালিগালাজ করেন এবং পরে মারধর করা হয়। এই ঘটনায় অভিনেতার দেহরক্ষী তোতন সর্দারের নামও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। তাঁর আরও দাবি, তাঁকে ভয় দেখানো হয় এবং তাঁর মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। যদিও অভিযোগের প্রতিটি বিষয়ই তদন্তের মাধ্যমে যাচাই করবে পুলিশ।
এই প্রথম নয়, এর আগেও সোহমকে ঘিরে অভিযোগ প্রকাশ্যে এসেছে। গত জুলাইয়ে ব্যবসায়ী শেখ শাহিদ ইমাম তাঁর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। তার আগে বিধায়ক থাকাকালীন টালিগঞ্জের (Tollygunge) একটি রেস্তরাঁয় শুটিংয়ের সময় কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ বার এক কাঠমিস্ত্রির অভিযোগে নতুন করে চর্চায় সোহম।
















