রাজ্যের দুই গুরুত্বপূর্ণ পুর এলাকার প্রশাসনিক পরিধি বাড়ানোর লক্ষ্যে আগামী ১২ অগস্ট এক দিনের বিশেষ বিধানসভা অধিবেশন ডাকার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই অধিবেশনেই কলকাতা পুরসভা এবং হাওড়া পুরনিগম সংক্রান্ত সংশোধনী বিল পেশ করা হবে। প্রস্তাব অনুযায়ী, হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বর্তমান ৫০ থেকে বেড়ে ৬৮ এবং কলকাতা পুরসভার ওয়ার্ড ১৪৪ থেকে বৃদ্ধি পেয়ে ২০৯ হবে।
মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার পাশাপাশি প্রসূতি মায়েদের জন্য রাজ্যের তরফে অতিরিক্ত আর্থিক সহায়তা চালু রাখার বিষয়ে সম্মতি মিলেছে। একই সঙ্গে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নতুন নাম ‘পশ্চিমবঙ্গ আবাস’ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। শিল্পায়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, শিল্পের জন্য জমি হস্তান্তরের কাজ দ্রুত এগোচ্ছে। ১৯ অগাস্ট এ বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে এবং আগামী এক মাসের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ জমি শিল্প প্রকল্পের জন্য বরাদ্দ করা হবে। এ উপলক্ষে পৃথক অনুষ্ঠান আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
নাগরিকত্ব এবং সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, ট্রাইব্যুনালে আবেদনকারী এবং নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদন জমা দেওয়া ব্যক্তিদের কোনও সরকারি সামাজিক প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না। তাঁর দাবি, ২৭ লক্ষ 'অ্যাডজুডিকেটেড' ব্যক্তির মধ্যে সাত লক্ষ ট্রাইব্যুনালে আবেদন করেছেন। এ ছাড়া সিএএ-র অধীনে ২ লক্ষ ৩০ হাজার আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২৩ হাজার জন শংসাপত্র পেয়েছেন এবং ২ লক্ষ ৭ হাজার আবেদন এখনও বিবেচনাধীন। এই দুই শ্রেণির আবেদনকারীদের রেশন, আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা, বিকশিত ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার মতো সরকারি প্রকল্পের সুবিধা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের জল্পনা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, এ বিষয়ে সরকারের কোনও সিদ্ধান্ত বা আগ্রহ নেই। তাঁর বক্তব্য, রাজ্যের বর্তমান নামের সঙ্গে ইতিহাস ও দেশভাগের স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই তা পরিবর্তনের প্রশ্ন নেই। এছাড়া ক্ষতিপূরণ সংক্রান্ত সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের সাম্প্রতিক নির্দেশ প্রসঙ্গে তিনি জানান, আইন দফতরের বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের কাছে প্রয়োজনীয় সমস্ত তথ্য রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।















