কলকাতা হাই কোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২৫ সালের নতুন নিয়োগবিধি মেনেই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, নিয়োগে দুর্নীতির ক্ষেত্রে সরকারের নীতি ‘জিরো টলারেন্স’।
প্রসঙ্গত, ২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। এরপর ২০২৫ সালে নতুন নিয়োগবিধি প্রণয়ন করে এসএসসি। তবে সেই নিয়মকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা হয়েছে।
এদিন শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha) নতুন নিয়োগবিধি নিয়ে ওঠা বিভিন্ন আপত্তি বিবেচনায় রাখার পরামর্শ দেন। পাশাপাশি, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নীতি রাজ্য ও এসএসসি-কে সমন্বয় করে চূড়ান্ত করারও নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি ২১ আগস্ট।















