অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের (Sumit Roy) রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না। প্রধান বিচারপতি সূর্য কান্তের (Chief Justice Surya Kant) বেঞ্চ জানিয়েছে, সুমিতের রক্ষাকবচের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ানো হচ্ছে। মামলার পরবর্তী শুনানি ১৯ অগাস্ট। তবে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে।

গত শনিবার থেকে ভবানী ভবনে ডেকে সুমিতকে জিজ্ঞাসাবাদ চলছে। শুক্রবার শুনানি চলাকালীনও সুমিত ছিলেন ভবানী ভবনে। এই নিয়ে মোট ৭ দিন জেরা চলছে। কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, সুমিত আদৌ তদন্তে সহযোগিতা করছেন কিনা, তা খোঁজ নিয়ে দেখতে হবে। সংশ্লিষ্ট সংস্থার কাছে রিপোর্ট তলবও করা হয়েছে। তবে অভিষেকের আপ্ত সহায়কের রক্ষাকবচ বহাল রাখে সুপ্রিম কোর্ট।

সুমিতের বিরুদ্ধে শালবনি থানায় জমি-দুর্নীতি ও ডেবরা থানায় টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগের মামলা হয়েছিল। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট চাকরির প্রতারণার মামলায় আগাম জামিন দিয়ে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল। শালবনিতে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর থেকেই সুমিতের খোঁজ করছিল সিআইডি। কিন্তু তাঁর হদিশ মেলেনি দীর্ঘদিন। পরে আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সুমিত। শেষমেশ দেশের সর্বোচ্চ আদালত তাঁকে রক্ষাকবচ দেয়। তবে সুমিতকে বলা হয়, তদন্তে সহযোগিতা করতে হবে। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে তাঁকে। সেই মতো গত শনিবার থেকে প্রত্যেক দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ করে চলেছেন তদন্তকারীরা।