শালবনি জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy)। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সিআইডি (CID) দফতরে হাজিরা দেন। এই নিয়ে পরপর চার দিন সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুমিত।
শনি-রবিতেও জমি দুর্নীতি মামলায় এবং সোমবার ডেবরা চাকরি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ফের সিআইডি তলবে সকাল ১১টার মধ্যে ভবানী ভবনে পৌঁছে গেলেন সুমিত। গত কয়েক দিনের মতো আজও সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। পরপর তিনদিন সিআইডি তল ব পাওয়ার পর রক্ষাকবচের আবেদন নিয়ে আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মামলায় আদালতে কী আবেদন জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী, সেদিকে নজর রাজনৈতিক ও আইনজীবী মহলের। এর মধ্যেই চতুর্থবার তলবে ইতিমধ্যেই অভিষেকের আপ্ত সহায়ককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।















