অষ্টম শিখ গুরুর জন্মতিথি উপলক্ষে শুক্রবার দুপুরে ভবানীপুরের সন্তকুঠিয়া গুরুদুয়ারে (Gurdwara Sant Kutia, Bhawanipur) আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন রাজ্যের প্রশাসনিক প্রধান বেশ কিছুটা সময় প্রার্থনায় অংশ নেওয়ার পর লঙ্গরখানায় ভক্তদের নিজের হাতে খাবার পরিবেশন করেন। সকলের সঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতেও দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

এদিন গেরুয়া পাগড়ি পরে গুরুদুয়ারে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা থাকাকালীন ভবানীপুরের নমিনেশন ফাইল করার দিন এখানে পুজো দিয়েছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁকে দেখতে এদিন গুরুদুয়ারের বাইরেও উৎসাহী মানুষের ভিড় দেখা যায়। শিখ ধর্মাবলম্বীদের সঙ্গে প্রার্থনায় অংশ নিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দেন ভবানীপুরের বিধায়ক। গুরু হরকিষণ সাহেবজির জন্মতিথিতে সকলের ভালো থাকার প্রার্থনা করেন শুভেন্দু। নিজের হাতে লঙ্গরখানায় খাবার পরিবেশনের পর বাসন মেজে পরিষ্কার করে দেন শুভেন্দু অধিকারী। একসঙ্গে পংক্তিভোজননা করতেও দেখা যায় তাঁকে। সন্তকুঠিয়া গুরুদুয়ারের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।