শারীরিক অসুস্থতার কারণে কলকাতার পিয়ারলেস হাসপাতালে (Peerless Hospital) ভর্তি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বৃহস্পতিবার তাঁর ডান হাতে একটি অপারেশন হয়। প্রাক্তন সাংসদকে দেখতে শুক্রবার সকাল ১১টার কিছু সময় পরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে বাইরে এসে শুভেন্দু জানান, "ছোট অপারেশন ছিল। উনি এটা সবার সামনে আনতে চাননি। প্রচার চাননি। প্রায় ১০০ শতাংশ ঠিক আছে বলা যায়। বিকেলে ডিসচার্জ হয়ে গেলে নিউটাউনের বাড়িতেই আপাতত বিশ্রাম নেবেন তিনি।অনুরোধ করবো দুদিন ওনাকে বিরক্ত করবেন না।"
শুভেন্দু অধিকারীর সঙ্গে মিঠুন চক্রবর্তীর সম্পর্ক বরাবরই বেশ ভালো। বাংলায় বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন অভিনেতা। রাজ্যের প্রশাসনিক প্রধান এদিন বলেন, রাষ্ট্রবাদী সরকার গঠনে মিঠুন চক্রবর্তীর যথেষ্ট ভূমিকা রয়েছে। তিনি এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অভিনেতার অপারেশনের বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন বলে জানিয়েছেন শুভেন্দু। আপাতত চিন্তার কিছু নেই, স্থিতিশীল রয়েছেন টলিউডের অন স্ক্রিন 'ফাটাকেষ্ট', জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও।
















