ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে ঘিরে বুধবার রাতভর উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। বামপন্থী ছাত্র সংগঠন SFI-র বিরুদ্ধে এবিভিপি (ABVP) সমর্থকদের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। পাল্টা গোটা ঘটনায় এসএফআইয়ের উপস্থিতি অস্বীকার করেছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। তাঁর অভিযোগ, জিবি মিটিংয়ে ঢুকে অশান্তি তৈরির চেষ্টা করেছে এবিভিপির লোকজন। এদিনের ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন সৃজন। পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে এবিভিপির তরফে যাদবপুর থানার সামনেও রাতে বিক্ষোভ দেখানো হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এবিভিপির তরফে অভিযোগ করে বলা হয়েছে সাধারণ সভার নামে পরিকল্পিতভাবে এসএফআই এবং ডিএসও-ডিএসএফ হামলা চালিয়েছে তাদের উপর। এই ঘটনার প্রতিবাদে ২০ অগস্ট (বৃহস্পতিবার)ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছে। মধ্যরাতের গন্ডগোলে ক্যাম্পাসে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে সৃজন ছাত্র ভোটের দাবি তুলেছেন। বাম নেতা এই মুহূর্তে রাজ্যের বাইরে আছেন। তাঁর কথায়, এবিভিপি ছাত্রভোটে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করুক বিশ্ববিদ্যালয়ে থাকা বাকি ছাত্র সংগঠনগুলির সঙ্গে। সেই সিদ্ধান্ত সকলে মাথা পেতে নেবে। ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালিয়ে উদ্দেশ্যপ্রণোদিত গন্ডগোল পাকিয়ে কোনও লাভ হবে না। যাদবপুরের ছাত্ররা এই ধরনের প্ররোচনায় পা দেবেন না বলেই মনে করেন তিনি।

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, 'অনভিপ্রেত নিন্দনীয় ঘটনা। এই ধরনের হিংসাত্মক কাজকর্ম কখনোই ক্যাম্পাসের ভেতরে হওয়া উচিত নয়। যাদবপুরে বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে এখানে মুক্তচিন্তার আদান-প্রদান হয়। সেই জায়গায় যে তান্ডব চলেছে তার তীব্র নিন্দা করছি।' বৃহস্পতিবার সকালে যাদবপুর এইট বি বাস স্ট্যান্ডের কাছে বিক্ষোভ দেখানো হয়। অরবিন্দ ভবনের সামনে যেভাবে SFI- র ব্যানার পোস্টার ছিড়ে ফেলা হয়েছে, অগ্নিসংযোগ ঘটানো হয়েছে, তার বিরোধিতায় আজ বাম ছাত্র সংগঠনের তরফ থেকেও ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির কথা রয়েছে। উপাচার্য জানিয়েছেন, এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও অভিযোগ দায়ের করা না হলেও আজ বিশ্ববিদ্যালয়ের পৌঁছে তিনি এই নিয়ে মিটিং করবেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।