আর্থিক দুর্নীতি ও অর্থপাচার সংক্রান্ত তদন্তকে আরও কার্যকর করতে রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যেই সম্প্রতি ইডির প্রতিনিধিরা পৃথকভাবে স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) এবং লালবাজারের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন।

তদন্ত সংক্রান্ত তথ্য ও নথি আদান-প্রদানের ক্ষেত্রে অনেক বেশি যৌথভাবে কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে রাজ্য পুলিশের তদন্তে যদি আর্থিক অনিয়ম বা অর্থপাচারের কোনও সূত্র সামনে আসে, তা দ্রুত কেন্দ্রীয় সংস্থার নজরে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আইনি প্রক্রিয়ার কারণে ইডি সরাসরি এফআইআর নথিভুক্ত করতে পারে না। সংস্থা প্রথমে এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ইসিআইআর) তৈরি করে তদন্তের ভিত্তি গড়ে তোলে। পরবর্তী ধাপে সংশ্লিষ্ট এফআইআর ও অন্যান্য সরকারি নথির উপর নির্ভর করেই তদন্ত এগোয়। ফলে রাজ্য পুলিশের হাতে থাকা তথ্য অনেক ক্ষেত্রেই ইডির তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রশাসনিক মহলের একাংশের মতে, এই সমন্বয় কার্যকর হলে বিভিন্ন আর্থিক দুর্নীতির মামলাসহ বিভিন্ন তদন্তেও গতি আসতে পারে। একই সঙ্গে দুই তদন্তকারী সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া আরও দ্রুত ও সুসংগঠিত হবে বলেও সংশ্লিষ্ট মহলের আশা।