স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে কলকাতায় রাত দখলের ডাক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের (Minister for Municipal and Urban Development Agnimitra Paul)। ১৪ অগাস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন (Ballygunge Shiksha Sadan) থেকে গোলপার্ক (Golpark) পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন পুরমন্ত্রী। নারী নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার এবং রাতের শহরে মহিলাদের উপস্থিতির বার্তা সামনে রেখেই এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি। ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সের মহিলাদের মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অগ্নিমিত্রা বলেন, “১৪ তারিখ আট থেকে আশি সকল মহিলাকে আহ্বান জানাচ্ছি। বালিগঞ্জ শিক্ষাসদন থেকে বালিগঞ্জ থেকে গোলপার্ক, গোলপার্ক টু শিক্ষাসদন মিছিল। মহিলাদের স্বাধীনতার স্বার্থে আমরা রাত ৯টায় রাস্তায় নামব।” তাঁর কথায়, স্বাধীনতার উদযাপনের সঙ্গে মহিলাদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাফেরার বিষয়টিও সামনে আনা প্রয়োজন।
নারী নিরাপত্তা নিয়ে নিজের বক্তব্যে অগ্নিমিত্রা বলেন, “আগের সরকার থাকাকালীন নারী নির্যাতনের বহু ঘটনা দেখেছি আমরা। কখনও মেয়েদের পোশাক, রাস্তায় বেরনোর সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমরা কী পরবো, কী পরবো না। কখন বেরবো, কখন নয়। তা ঠিক করার সিদ্ধান্ত কারোর নেই। আগের মুখ্যমন্ত্রীও অনেক সময় মেয়েদের এসব বলে অপমান করেছেন। এখন আর এসব চলবে না।” তাঁর বক্তব্যে মূলত নারীদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার এবং নিরাপত্তার প্রশ্নটিই গুরুত্ব পেয়েছে।
মহিলাদের নিরাপত্তার পাশাপাশি আত্মরক্ষার প্রশিক্ষণের বিষয়টিও সামনে এসেছে। রাজ্য সরকারের উদ্যোগে চলতি শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলগুলিতে ‘রানি লক্ষ্মীবাঈ আত্মরক্ষা প্রশিক্ষণ’ (Rani Lakshmibai Self-Defense Training) চালু হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিতে ছাত্রীদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পরিকল্পনা রয়েছে। এছাড়াও মহিলাদের জন্য পৃথক থানা, পুলিশের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ এবং অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন ডেস্কের মতো ব্যবস্থার কথা জানানো হয়েছে। ১৪ অগাস্টের মিছিলের মাধ্যমে এই বিষয়গুলিকেই জনপরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।















