পার্ক স্ট্রিটের ফুটপাথে গরম হচ্ছিল শিশুর জন্য দুধ আর তাতেই রেগে অগ্নিশর্মা অগ্নিমিত্রা! যদিও নাগরোন্নয়নের নামে জুলুমবাজি নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়া তোলপাড়। এর মধ্যেই অগ্নিমিত্রার এহেন আচরণ নিয়ে এবার নিজের সৃষ্টির মাধ্যমে প্রতিবাদ জানালেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 'দুধের দাম' শিরোনামে একটি কবিতা পোস্ট করলেন তিনি। তুলে ধরেছেন সমাজের বাস্তব চিত্র আর রয়েছে কয়েকটি প্রশ্ন। দুধের দাম মেটানোর প্রশ্ন তুলে ফেসবুকে পোস্ট করেছেন একটি কবিতা। লিখেছেন, "চারটে কাপড়, তিনটে থালা। সংসারও নয়। সরঞ্জাম। দোষের মধ্যে পেটের জ্বালা। রোজ জোটে না দুধের দাম..." কবিতার শেষে লিখেছেন,  "ফুটপাথে মানচিত্র আঁকি ভারত আমার মায়ের নাম। এখন অনেক হিসেব বাকি... কে মেটাবে দুধের দাম?" 

প্রসঙ্গত, শনিবার ফুটপাত জবরদখল ওঠাতে গিয়ে মেজাজ হারিয়ে ফেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পার্ক স্ট্রিট পরিদর্শনে গিয়ে এক মহিলাকে স্টোভে দুধ গরম করতে দেখে পাশে হামাগুড়ি দেওয়া শিশুটিকে অগ্রাহ্য করেই প্রশ্ন করেন, এখানে কী চলছে? উত্তরে তিনি জানান, বাচ্চার জন্য দুধ গরম করছেন তিনি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। বলেন, ফুটপাতে সংসার পাতার অধিকার কে দিয়েছে? গোটা ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট হওয়ার পর থেকেই নিন্দায় সরব হয় সাধারণ মানুষ। 

এই ঘটনাকে কেন্দ্র করেই কলম ধরলেন শ্রীজাত। লেখেন, 

দুধের  দাম
------------------
চারটে কাপড়, তিনটে থালা।
সংসারও নয়। সরঞ্জাম। 
দোষের মধ্যে পেটের জ্বালা।
রোজ জোটে না দুধের দাম।
রাস্তা তবু নোংরা করি
আগুন জ্বালে নাছোড় স্টোভ —
এ-যুদ্ধ তো বরাবরই 
আমার খিদে, তোমার ক্ষোভ।
তবুও থাকি, তবুও বাঁচি
ব্যর্থ হলেও, মনস্কাম।
সময় দিয়ে জীবন চাঁছি...
দু'এক ফোঁটা দুধের দাম।
শহর হবে ফুটফুটে খুব
ফরসা, নরম, পরিষ্কার। 
আমরা যারা বড্ড বেকুব
হারালে পায় হদিশ কার...
ঠিকানা নেই আমার কোথাও, 
কেউ জানে না আমার নাম।
সময় বলে, মাদুর গোটাও...
পথ কেড়ে নেয় দুধের দাম।
আমার মতো অসংখ্য মুখ
দুঃসময়ের আপনজন
গরিব মেঘে বৃষ্টি জমুক
ব্যথায় ভারী মায়ের স্তন...
ফুটপাথে মানচিত্র আঁকি
ভারত আমার মায়ের নাম।
এখন অনেক হিসেব বাকি...
কে মেটাবে দুধের দাম?