প্রায় দুমাসের বেশি সময় ধরে কলকাতায় (Kolkata ) প্রধান প্রধান শ্মশান (Cremation Grounds) এবং কবরস্থানের রেকর্ডরুমগুলো সিল করে রাখা হয়েছে। ফলে পুরনো নথিপত্র বা রেজিস্টার খতিয়ে দেখার কোনো উপায় নেই। আর এই নথির মিল না মেলা পর্যন্ত মৃত্যুর শংসাপত্রের কোনো ভুল সংশোধন করা সম্ভব হচ্ছে না। বেড়েই চলেছে নাগরিকদের ভোগান্তি।
আরও পড়ুন: AI ব্যবহার করে ভুয়ো লটারি তৈরি! ডানকুনিতে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৫
বেশ কিছুদিন ধরে পুলিশি তদন্তের কারণে শহরের প্রধান প্রধান শ্মশান এবং কবরখানার রেকর্ডরুমগুলি সিল করে রাখা হয়েছে। ভুক্তভোগী জনতার প্রশ্নের জবাব নেই স্বাস্থ্য কর্তাদের কাছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, তাড়াহুড়োয় ডেথ সার্টিফিকেটে মৃতের নাম, বয়স বা বাবার নামে ছোটখাটো বানান ভুল থেকে যায়। সাধারণ সময়ে পুরসভার নির্দিষ্ট ফর্মে আবেদন করলে রেজিস্টার মিলিয়ে তা দ্রুত সংশোধন করে দেওয়া হতো। কিন্তু বর্তমান অচলাবস্থার কারণে মাসের পর মাস ঘুরেও মিলছে না সংশোধিত শংসাপত্র।কেওড়াতলা এবং নিমতলা মহাশ্মশান মিলিয়ে কয়েক হাজার রেজিস্টার এখন বন্ধ হয়ে পড়ে আছে। ফলে রোজ বহু মানুষ ডেথ সার্টিফিকেট সংশোধন করানোর জন্য এলেও পরিষেবা পাচ্ছেন না। বিভিন্ন কবরখানার চিত্রটাও একই রকম। তবে কবে নাগাদ এই সিল খোলা হবে, সে বিষয়ে পুলিশের তরফে স্পষ্ট কোনো আশ্বাস এখনও মেলেনি। ফলে মৃতের পরিবারগুলির অপেক্ষা ও হয়রানি কবে শেষ হবে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।














