বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) প্রস্তাব অনুযায়ী কলকাতা পুরসভায় (KMC) ওয়ার্ড বাড়ানোর প্রস্তুতি শুরু। ইতিমধ্যেই জোড়া কমিটি গঠন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথাকে মান্যতা দিয়ে দুটি পৃথক কমিটি একটি কেন্দ্রীয় স্তরে কাজ করবে বলে জানা গেছে। কেএমসির অধীনে এই মুহূর্তে ১৪৪টি ওয়ার্ড এবং ১৬ টি বোরো রয়েছে। জানা গিয়েছে এবার মোট ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ২০০ করা হবে। 

কলকাতার বিভিন্ন প্রান্তে বেশ কয়েকটি ওয়ার্ডে দশ থেকে বারো হাজার ভোটার রয়েছে। আবার কোনও কোনও জায়গায় ভোটারের সংখ্যা কুড়ি হাজারের বেশি। এখন ওয়ার্ড প্রতি ভোটার সংখ্যার ভারসাম্য রাখতে ওয়ার্ড পুনর্বিন্যাসের পরিকল্পনা ও প্রস্তাব রাখা হয়। সেই মতো এবার কাজ শুরু হল। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ সদস্যের সেন্ট্রাল ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান হয়েছেন স্পেশাল কমিশনের সৌম্য ভট্টাচার্য। বোরোভিত্তিক কমিটির নেতৃত্বে একজন করে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।