গণেশপুজোর (Ganesh Puja) উদ্বোধনে গিয়ে কমিউনিস্টদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। সোমবার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘ এবং আমরা কজন ক্লাবের গণেশপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে সনাতন ধর্মের প্রসার এবং ঐক্যের বার্তা দেন তিনি। একইসঙ্গে দেশবিরোধী শক্তি ও ‘টুকরো টুকরো’ মানসিকতা থেকে দূরে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। ভাষা বা প্রদেশের নামে বিভাজনের রাজনীতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
গণেশ পুজো নিয়ে বামেদের কটাক্ষ করে শুভেন্দু বলেন, স"সকাল থেকে দেখছিলাম মূলত কমিউনিস্ট ঘরানার যারা, যাদের পুজো বলতে খুব কষ্ট, তারা খুব গালাগালি করছে আমাকে। বলছে পুজো নিয়ে কেন লিখতে হবে!" সেখানে কেউ কেউ প্রশ্ন তুলছেন, “মারাঠিদের পুজো এখানে এত বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় কেন হচ্ছে?” সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “হ্যাঁ হবে। এটা সনাতনের জাগরণ।” তাঁর কথায়, কোনও একটি ভাষা বা প্রদেশের মধ্যে ধর্মীয় উৎসবকে আটকে রাখা যায় না। বাঙালি-অবাঙালি বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে এক থাকার বার্তাই দেন তিনি।
এরপর পুজো নিয়ে আপত্তি তোলার মানসিকতাকে আরও আক্রমণ করে তিনি বলেন, “মা দুর্গা যখন আসবেন, তাঁর সঙ্গে গণেশ আসবেন। আমরা তার আগেই তাঁকে নিয়ে চলে এলাম। ক্ষতিটা কোথায়?” পুজোর আয়োজন নিয়ে যাঁদের আপত্তি রয়েছে, তাঁদের উদ্দেশে তাঁর কটাক্ষ, “তাঁরা দেখুন, দেখতে থাকুন এবং লুচির মতো ফুলুন।”
একইসঙ্গে দেশবিরোধী শক্তি এবং ‘টুকরো টুকরো’ গ্যাং দের মানসিকতার বিরুদ্ধে মানুষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, বিভাজনের রাজনীতি নয়, সকলকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। অসুর শক্তি থেকে দূরে থেকে সনাতনের জাগরণ ও সামাজিক ঐক্যের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।














