কেষ্টপুরে (Keshtopur) গাড়ি চালানো শেখার সময় পুকুরে গাড়ি পড়ে মৃত্যু হল এক বধূর। মৃতার নাম সুমিত্রা দাস (Sumitra Das)। প্রফুল্ল কানন পশ্চিমের বাসিন্দা সুমিত্রা গাড়ি চালানোর অনুশীলন করছিলেন। বুধবার সকালে গ্যারেজ (Garage) থেকে গাড়ি বার করার সময় আচমকাই সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
সদ্য নতুন গাড়ি কিনেছেন তাঁর স্বামী। ফলে সেই গাড়ি চালানো শিখছিলেন তিনি। প্রতিদিনের মতোই আজও মেয়েকে স্কুলে দিয়ে আসার পর গাড়ি নিয়ে বের হচ্ছিলেন সুমিত্রা। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে (Accelerator) পা পড়ে যাওয়ায় গাড়িটি দ্রুত এগিয়ে যায়। মুহূর্তের মধ্যে সেটি পুকুরে পড়ে মাঝজলে চলে যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারে এগিয়ে আসেন। কয়েকজন পুকুরে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। গাড়ির পিছনের দরজা খুলে নিজেও বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন সুমিত্রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police) ও দমকল। দীর্ঘক্ষণ উদ্ধারকাজ চালানোর পর প্রায় দেড় ঘণ্টা পর গাড়ি থেকে সুমিত্রাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। আগামী ২২ আগস্ট সুমিত্রার ড্রাইভিং পরীক্ষা (Driving Test) ছিল। সেই কারণে নিয়মিত গাড়ি চালানো শিখছিলেন তিনি। আচমকা এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।















