লেনিন সরণীর (Lenin Sarani) নাম পরিবর্তনের ভাবনা নিয়ে বিজেপি সরকারকে (BJP Government) কড়া ভাষায় জবাব দিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Trinamool MLA Kunal Ghosh)। সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কোনও রাস্তার নাম বদলকে সমর্থন করবে না তাঁর দল। তাঁর কথায়, “কাউকে অপমান বা অসম্মান করার জন্য যদি নাম পরিবর্তন হয়, তাহলে সেটা কোনওভাবেই কাম্য নয়। লেনিন সরণীর নাম পরিবর্তনের বিরোধিতা করবে তৃণমূল"।
রাস্তার নাম বদলের ক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব এবং সংশ্লিষ্ট ব্যক্তির স্মৃতির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে সওয়াল করেন কুণাল। উদাহরণ দিয়ে তিনি বলেন, উত্তর কলকাতায় রামমোহন রায়ের নামে রাস্তা রয়েছে, আবার বেহালাতেও একই নামে একটি রাস্তা আছে। যেখানে কোনও মনীষীর স্মৃতি জড়িয়ে রয়েছে, সেই নাম অক্ষুণ্ণ রাখার পক্ষেই তৃণমূল। তবে অন্য ক্ষেত্রে প্রয়োজন হলে কী পরিবর্তন করা যায়, তা “বিজ্ঞানসম্মত” ভাবে খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি।
এই বিষয় নিয়ে যেমন সিপিএম (CPM) বা কমিউনিস্টরা যেমন প্রতিবাদ করবে তেমনই রুখে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস। তবে একইসঙ্গে সিপিএমকেও নিশানা করেন কুণাল। তাঁর অভিযোগ, অন্ধ তৃণমূল বিরোধিতা করতে গিয়ে বামেরা কার্যত বিজেপিকেই সুবিধা করে দিচ্ছে। ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে হেনস্থা করা হলে বামেরা উল্লাস করে বলেও কটাক্ষ করেন তিনি। কুণালের প্রশ্ন, এই রাজনৈতিক অবস্থানের মাধ্যমে শেষ পর্যন্ত কার সুবিধা হচ্ছে, তা সিপিএমের এবার ভাবা দরকার।
কুণাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখ্যমন্ত্রিত্বে গত ১৫ বছরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে লেনিন সরণী বা বামপন্থী মনীষীদের নামে থাকা রাস্তার নাম পরিবর্তন করা হয়নি। তাঁর স্পষ্ট বার্তা, “কমরেড লেনিনের নামে রাস্তা ছিল, আছে এবং থাকবে।” তাই লেনিন সরণীর নাম বদলের কোনও উদ্যোগ হলে তৃণমূল কংগ্রেস সরাসরি তার বিরোধিতা করবে।














