ফের খবরের শিরোনামে আরজি কর হাসপাতাল (RG Kar Medical College and Hospital)। এবার হাসপাতালের বেড থেকে উধাও দুই চিকিৎসাধীন রোগী। নিখোঁজদের মধ্যে একজন মহিলা (দীপান্বিতা রায়) ও অপরজন প্রৌঢ় (বিমল ঘোষ) বলে জানা গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি ওই দুজন শুক্রবার রাত থেকেই নিখোঁজ। ইতিমধ্যে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এভাবে সরকারি হাসপাতাল থেকে রোগী কোথাও হয়ে যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির দিকে আঙ্গুল উঠতে শুরু করেছে।
আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে (Trauma Care Unit) ভর্তি ছিলেন চিৎপুরের বাসিন্দা দীপান্বিতা। রাতে আচমকা 'নিখোঁজ' হয়ে যান তিনি। অপরজন অর্থাৎ বিমল ঘোষ জ্বর ও হৃদযন্ত্র সমস্যা নিয়ে একটি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে আরজি করের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। শুক্রবার পরিবারের লোকজন সঙ্গে দেখা করতে এসে খেয়াল করেন পেশেন্ট বেডে নেই। দ্রুত হাসপাতালে দৃষ্টি আকর্ষণ করা হয়। হাসপাতালে নিরাপত্তা এড়িয়ে দুই চিকিৎসাধীন রোগী কীভাবে উধাও হয়ে গেলেন, উঠছে প্রশ্ন। কর্তৃপক্ষ জানিয়েছে সংশ্লিষ্ট দুই রোগীর নাকি শুক্রবার ডিসচার্জ হওয়ার কথা ছিল। কিন্তু দুজনের কেউই দুপুরের খাবার খাননি এবং সম্ভবত তার পরেই নিখোঁজ হয়ে যান। এই ঘটনার পর আরজি কর হাসপাতালে সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় (Saptarshi Chatterjee) এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন বলে জানা গিয়েছে।















